গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা পশ্চিমপাড়া এলাকায় ধানবোঝাই একটি নসিমনের চাকায় পিষ্ট হয়ে জব্বার (৫০) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত জব্বার উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি খেজের উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ধানবোঝাই একটি নসিমন সড়ক দিয়ে যাওয়ার সময় ভ্যানচালক জব্বারকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে নসিমনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রিয়াদ প্রধান 







