গাইবান্ধা প্রতিনিধি:
আসন্ন ৯নং খোলাহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও খোলাহাটী ইউনিয়ন সভাপতি ডা. রাজু আহমেদ কিনুর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ নভেম্বর (সোমবার) বাদ মাগরিব স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়। সাবেক ইউপি সদস্য ডা. রাজু আহমেদ কিনুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম মন্ডল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল করিম এলাকার সামগ্রিক উন্নয়ন ও একটি সৎ-যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী ডা. রাজু আহমেদ কিনু তার বক্তব্যে ইউনিয়নের জনসাধারণের সেবায় নিয়োজিত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মতবিনিময় সভাটি সম্পন্ন হয়।
Reporter Name 










