সাদুল্লাপুর প্রতিনিধিঃ মোঃ আরিফুল ইসলাম
দ্বিতীয়বারের মতো গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামুডাঙ্গা আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসার চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিক মো. জিল্লুর রহমান মণ্ডল (পলাশ)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আগামী ছয় মাসের জন্য মাদ্রাসাটির এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—পদাধিকার বলে মাদ্রাসার সুপার মো. আব্দুস সাত্তার আকন্দ (সদস্যসচিব), অভিভাবক সদস্য রঞ্জু মিয়া এবং শিক্ষক প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম সরকার।
নবমনোনীত সভাপতি জিল্লুর রহমান পলাশ যমুনা টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সাদুল্লাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। তাঁর গ্রামের বাড়ি উপজেলার দক্ষিণ জামুডাঙ্গা মণ্ডলপাড়ায়।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর অনুমোদিত এডহক কমিটিতেও সভাপতির দায়িত্ব পালন করেন সাংবাদিক পলাশ। পুনরায় তাঁকে সভাপতি মনোনীত করায় দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্ব পেলেন তিনি।
পারিবারিকভাবেও মাদ্রাসাটির সঙ্গে রয়েছে তাঁর নিবিড় সম্পৃক্ততা। তাঁর মরহুম পিতা অ্যাডভোকেট জহুরুল ইসলাম মণ্ডল (তোতা মিয়া) ছিলেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সভাপতি। বাবার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনায় এবার দ্বিতীয়বারের মতো নেতৃত্বের দায়িত্ব পাওয়াকে তাঁর পারিবারিক ঐতিহ্য ও দায়িত্ববোধের ধারাবাহিকতা হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা।
আরিফুল ইসলাম 










