শামীম মিয়া, গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাদপুর সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দিয়ে কর্মস্থল ত্যাগ করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুন ২০২৬ তারিখ বিকেল ৩টা ৪০ মিনিটে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ করে আগেই ছুটি ঘোষণা করা হয়েছে এবং বিদ্যালয়ে তালা ঝুলানো রয়েছে। এ সময় কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে বিদ্যালয়ে পাওয়া যায়নি।
পরে কয়েকজন সহকারী শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়ার বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এছাড়া গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিক বক্তব্য দিতেও তারা অনাগ্রহ প্রকাশ করেন।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, নিয়মিতভাবে নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়া হলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয় এবং শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
শামীম মিয়া 














