সারের ডিলার নিয়োগে দলীয় প্রভাব ও অর্থ লেনদেনের মাধ্যমে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সোমবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে সারের মজুত ও বিতরণ ব্যবস্থার পর্যালোচনার সময় এই সুনির্দিষ্ট অভিযোগগুলো উত্থাপন করা হয়।
বৈঠক সূত্র জানায়, ডিলার নিয়োগে টাকার বিনিময়ে স্বজনপ্রীতি এবং প্রকৃত ব্যবসায়ীদের বাদ দেওয়ার অভিযোগে বেশ কয়েকজন সদস্য অসন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর জেলার ডিলারশিপ নিয়োগের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব এলাকায় এখনো চুক্তি সই হয়নি, তা স্থগিত রাখার পাশাপাশি অনিয়ম তদন্তে একটি উপকমিটি গঠন করা হয়েছে। কৃষিমন্ত্রী আমিন উর রশিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে সারের পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিয়ে সন্তোষ প্রকাশ করা হলেও স্বচ্ছতা নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়।
Reporter Name 
















