গাইবান্ধা প্রতিনিধি:
আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ঐতিহাসিক লংমার্চ ও পলাশবাড়ী পথসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি বিষয়ে গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টায় পলাশবাড়ী চৌমাথায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে লংমার্চ ও পলাশবাড়ী পথসভা সফল করতে নেওয়া বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধসহ বিভিন্ন দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে।
গণমাধ্যমের উদ্দেশে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের অন্যতম নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি লংমার্চ ও পথসভা সফল করতে নেতাকর্মী ও সংশ্লিষ্টদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, গাইবান্ধার সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার এবং গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও পথসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যক্ষ মাওলানা আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম এমপি।
গাইবান্ধা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ও জেলা ১১ দলীয় ঐক্যের আহবায়ক সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে আরও বক্তব্য দেন গাইবান্ধা এনসিপির জেলা আহবায়ক এস এম খাদেমুল ইসলাম (খুদি), বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি মাওলানা আবু ইউসুফ, এলডিপির জেলা সভাপতি অধ্যক্ষ শরিফুল ইসলাম, জাগপার জেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম, এবি পার্টির জেলা আহবায়ক মো. খাইরুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি মো. সুলতান মাহমুদসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির রানা, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি মুহাম্মদ খায়রুল আমিন, জেলা মানবসম্পদ সেক্রেটারি সাইফুল ইসলাম মন্ডল, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুর রহমান, শ্রমিক কল্যাণের সভাপতি নুরুন্নবী প্রধান, গাইবান্ধা পৌরসভা আমীর অধ্যাপক ফেরদৌস আলম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. ইউসুফ আল কার্যাভী, পলাশবাড়ী উপজেলা আমীর আবু বকর সিদ্দিক, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা শান্তিপূর্ণ ও সফল করতে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।
Reporter Name 

















